জয়পুরহাট সীমান্তে ৬০ ভরি সোনাসহ ‘পাচারকারী’ গ্রেপ্তার
জয়পুরহাটে ভারতে ‘পাচারের সময়’ ৬০ ভরি সোনাসহ একজনকে আটক করেছে বিজিবি।
রোববার সকালে পাঁচবিবি উপজেলার কয়া ক্যাম্পের কাছের কচুগাড়ী থেকে ৬০ ভরি (৬০০ গ্রাম) সোনা ছাড়াও, একটি মোটরসাইকেল, নগদ অর্থসহ ‘প্রায় ৩০ লাখ টাকার’ মালামাল জব্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ আলী রেন্টু পাঁচবিবি উপজেলার ভুইডোবা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
রেন্টু দীর্ঘ দিন ধরে সোনা পাচার করে আসছে উল্লেখ করে জয়পুরহাট-৩ বিজিবির কয়া ক্যাম্পের নায়েক মো. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রোববার সকালে তাকে আটক করে।
“তার শরীর তল্লাশি করে সোনাগুলো পাওয়া গেলে দুপুরে তাকে জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়ান দপ্তরে নিয়ে আসা হয়।”
সন্ধ্যায় এ ব্যাপারে মামলাসহ পাঁচবিবি থানায় তাকে সোপর্দ করা হয়েছে।
