২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির আরেক শিক্ষককে হত্যার হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যার ১৬ দিনের মাথায় আরেক শিক্ষক হত্যার হুমকি পেয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 10:09 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

রোববার দুপুর পৌন ৩টায় বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম প্রদীপকে তার ব্যক্তিগত মোবাইলে এ হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ওই শিক্ষক জিডি করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবীর।

তিনি বলেন, “রোববার সন্ধ্যায় ওই শিক্ষক থানায় এসে জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

Image
নিহত রেজাউল করিম সিদ্দিকী

নিহত রেজাউল করিম সিদ্দিকী

গত ২৩ এপ্রিল এ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে তার বাড়ির ৫০ গজ দূরে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার পর জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করে।

রোববার হুমকি পাওয়া শিক্ষক মাহবুব আলম প্রদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরিচিত +৮১৭৭৪৭৯ নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে।

“আমি ফোন রিসিভ করে হ্যালো বললে ওপাশ থেকে বলা হয়, ‘তোর জীবন শেষ, অনেক বেড়ে গেছিস, ওয়েট কর।’ এরপর কে বলছেন জানতে চাইলে আবার একই কথা বলে ফোন কেটে দেয়।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ওই শিক্ষককে থানায় জিডি করতে বলেছি। পুলিশকেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।”

গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ময়েজুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র দাস, ভেটেরিনারি সায়েন্সের অধ্যাপক কামরুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কাশেম, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক শফিকুন্নবী সামাদী, রসায়ন বিভাগের অধ্যাপক আকতার ফারুক ও অধ্যাপক আজাহার আলী, মনোবিজ্ঞানের অধ্যাপক এ কে এম গোলাম মালেক, অধ্যাপক শারমিন হামিদ, দর্শন বিভাগের সাবেক অধ্যাপক হাসান আজিজুল হকসহ প্রায় অর্ধ-শতাধিক শিক্ষককে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

কখনও আনসার আল ইসলামের নামে, কখনও সর্বহারা নামে, কখনও লালবাহিনীর নাম ব্যবহার করে চিঠি দিয়ে অথবা মোবাইল ফোনে এসব হুমকি দেওয়া হয়েছে।

গত ২ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাংসদ, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ ১০ জনকে হত্যার হুমকি দিয়ে  নাটোর প্রেস ক্লাবে চিঠি পাঠানো হয়েছিল। ইসলামি লিবারেশন ফ্রন্ট (আইএলএফ) নামের একটি সংগঠনের প্যাডে চিঠিটি পাঠানো হয়।

বিভিন্ন সময় হুমকি পেয়ে অনেক শিক্ষক থানায় জিডিও করলেও পুলিশ হুমকিদাতাদের ধরতে পারেনি।

পুরনো খবর:

অধ্যাপক হত্যা: ছুটিতেও আন্দোলন রাবিতে