চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ফল
চতুর্থ ধাপের নির্বাচনে ৭০৩টি ইউনিয়নের বেশিরভাগেই জিতেছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা।তবে অনিয়মের অভিযোগে বেশ কিছু ইউনিয়নের ফল স্থগিত রয়েছে।
সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় থেকে আমাদের প্রতিনিধিদের পাওয়া ১৩৩টি ইউনিয়নের ভোটের ফলাফল-
রংপুর
রংপুরের মিঠাপুকুর, পীরগাছা ও কাউনিয়া উপজেলার ২৪টি ইউনিয়নের ২১টিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা একটি করে ইউনিয়নে নির্বাচিত হয়েছেন। অনিয়মের কারণে একটি ইউনিয়নের ফলাফল স্থগিত করা হয়েছে।
শনিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন এ তথ্য জানান।
দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামী লীগ চারটি এবং বিএনপি একটি এবং স্বতন্ত্র প্রার্থী দুটিতে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোটের কারণে বেলাইচন্ডী ইউনিয়নের ফলাফল স্থগিত করা হয়েছে।
এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার ১২ ইউনিয়নে নয়টিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানকার ১৪টিতে আওয়ামী লীগ ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
চাঁদপুর
চাঁদপুরে ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ছয়টি, বিএনপি দুটি ও স্বতন্ত্র প্রার্থী দুটিতে বিজয়ী হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।
টাঙ্গাইল
টাঙ্গাইলের দেলদুয়ার ও মধুপুর উপজেলার ১১টি ইউনিয়নের ছয়টিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি, দুটিতে আওয়ামী লীগ বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
শনিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নবাবগঞ্জ
নবাবগঞ্জ উপজেলায় ১৪ ইউনিয়নের মধ্যে নয়টিতে আওয়ামী লীগ, তিনটিতে বিএনপি, একটিতে জাতীয় পার্টি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন ।
কুড়িগ্রাম
কুড়িগ্রামের ১৮টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ নয়, বিএনপি সাত এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দুটিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
