ঠাকুরগাঁওয়ে মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন।
শনিবার ভোটগ্রহণ শেষ হওয়া কিছুক্ষণ আগে হরিণমারী ইউনিয়নের কালডাঙ্গী মাদ্রাসা ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে বালিয়াডাঙ্গি থানার ওসি আমিনুল ইসলাম জানান।
স্থানীয়রা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বলে জানালেও তা অস্বীকার করে ওসি বলেন, “দুইপক্ষের সংঘর্ষে মধ্যে ছুরিকাঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।”
আহত মাহবুবুর রহমান পল্টু (২১) বালিয়াডাঙ্গী সদর উপজেলার বাসিন্দা। তবে আহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি কয়েক রাউন্ড গুলি ছোড়ে ও লাঠিপেটা করে বলে জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর আলী মিঞা জানান।
এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া সহিংসতার ঘটনায় একই উপজেলার আমাজানখোর ইউনিয়নের আমাজানখোর উচ্চ বিদ্যালায়, দুওসুও ইউনিয়নের লালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালোমেঘ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তা।
