মনোনয়ন না পেয়ে আ. লী নেতার মহাসড়ক অবরোধ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের এক নেতা ও তার সমর্থকরা।
সাভার মডেল থানার ওসি মো. কামজ্জামান জানান, শনিবার বেলা ১টার থেকে কর্মী সমর্থকদের নিয়ে প্রায় এক ঘণ্টা আমিনবাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের (উত্তর) সহ-সভাপতি মিজানুর রহমান।
ফলে ওই সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ২টার দিকে তাদের সরিয়ে দিলে সড়কে যান যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
শেষ ধাপে আগামী ৪ জুন সাভারের ভাকুর্তা ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হবে। এ ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
কিন্তু কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রার্থী ঘোষণা করে।
ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ বেপারী বলেন, ভাকুর্তা ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন মিজানুর। তাকে প্রার্থী না করার সংবাদ ছড়িয়ে পড়লে দুপুরে মিজানুর কর্মী সমর্থকদের নিয়ে মহাসড়ক অবরোধ করেন।
