পাবনার ও নাটোরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে পাবনায় ও নাটোরের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।
পাবনার সুজানগর উপজেলা তাঁতিবন্দ ইউনিয়নে বিএনপির প্রার্থী শেখ আব্দুর রউফ এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের জহুরুল ইসলাম নির্বাচন বর্জন করেন বলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।
তাঁতিবন্দ ইউনিয়নের বিএনপি প্রার্থী শেখ আব্দুর রউফ অভিযোগ করেন, ভোট শুরুর পর পরই ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়।
ভবানীপুর কেন্দ্রের এজেন্ট মাসুদ মোল্লা বলেন, “ভোট শুরুর কিছুক্ষণ পর আওয়ামী লীগের লোকজন আমাকে মারপিট করে বের করে দেয়। এ সময় আব্দুস সালাম মুন্সি ও আমিসহ বেশ কয়েক জন আহত হয়েছি।”
এ বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন বলেন, “এ ধরনের কোনো অভিযোগ আমি পাইনি। তবে বিএনপি প্রার্থীর ভোট বর্জনের কথা শুনেছি।”
এছাড়া একই উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওগাঁ কেন্দ্র এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ টিটু নামের এক যুবককে আটক করেছে বলে সুজানগর থানার ওসি শাকিল উদ্দিন জানান।
নাটোরের খাজুরা ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ভয়-ভীতি দেখিয়ে সব কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়েছে।
এ ছাড়া প্রতিটি কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মারা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে খাজুরা ইউনিয়নে দায়িত্বরত পুলিশ পরিদর্শক এমরান হোসেন বলেন, “বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার কোনো অভিযোগ আমরা পাইনি।”
এছাড়া মহিষডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য কাজেম আলী ও সাইদুরের সমর্থকদের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে বলে জানান তিনি।
পরিদর্শক এমরান বলেন, তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
