২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের পক্ষে প্রচার: নবাবগঞ্জে ৪ আ. লীগ নেতাকে ‘অব্যাহতি’

ঢাকার নবাবগঞ্জে যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থনে প্রচার চালানোর অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় চার নেতাকে ‘অব্যাহতি’ দেওয়ার কথা জানিয়েছে দলটির উপজেলা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 01:36 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

এরা হলেন- উপজেলা যন্ত্রাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম এইচ মৃধা গিনি, সহ-সভাপতি স্বপন কুমার হালদার, যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমান ও সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন জালাল বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় নেতা-কর্মীদের অভিযোগের ভিত্তিতে ‘গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে ওই চারজনকে দল থেকে ‘সাময়িকভাবে অব্যাহতি’ দেওয়া হয়েছে।

“পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

যন্ত্রাইল ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো.বারেকুর রহমানের পক্ষে আওয়ামী লীগের ওই চার নেতা নির্বাচনী প্রচার চালান বলে দলের নেতা-কর্মীদের অভিযোগ।

এ বিষয় জানতে চাইলে অব্যাহতি পাওয়া এম এইচ মৃধা গিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“অর্ধশত বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের সঙ্গে আছি। আমাদের অবৈধভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা দলীয় গঠনতন্ত্র বহির্ভূত।”

স্বপন কুমার হালদার বলেন, “তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রকৃত আওয়ামী লীগ প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় আমরা অন্য প্রার্থীর হয়ে কাজ করেছি।”

মনিরুজ্জামান মনির বলেন, “দলের ক্রান্তিকালে অনেক নির্যাতন সহ্য করেছি, দল ছাড়িনি। কিন্তু জীবনে যে ‘জয়বাংলা’ বলেনি, এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের কর্মী হিসেবে আমি সেটা মেনে নিতে পারিনি।”

যন্ত্রাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নন্দলাল সিংকেই প্রার্থী করেছে আওয়ামী লীগ।বিএনপির প্রার্থী হয়েছেন যুবদল নেতা মো. সেন্টু মোল্লা।

চতুর্থ ধাপে শনিবার নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নে ভোট হওয়ার কথা রয়েছে।