অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাংচুরসহ বিক্ষোভ
কুষ্টিয়া সরকারি কলেজের এক ছাত্রীকে বাসায় ডেকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অধ্যক্ষের বাসভবন ভাংচুরসহ বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কলেজ ক্যাম্পাসের এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে মডেল থানার ওসি সাহাবুদ্দিন চৌধুরী জানান।
ওই ছাত্রী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বেলা সাড়ে ৩টার দিকে অধ্যক্ষ বদরুদ্দোজা চৌধুরী বিশেষ প্রয়োজনের কথা বলে বাড়ির দারোয়ানকে দিয়ে তাকে ডেকে পাঠান।
“এ সময় স্যারের বাসায় পরিবারের অন্য কেউ না থাকার সুযোগে তিনি আমাকে নিচ থেকে দোতলায় ডেকে নিয়ে দরজার লাগিয়ে দিয়ে আমার চরিত্র তুলে নোংরা ভাষায় কথা বলতে থাকেন। আমি তার কথার প্রতিবাদ করায় তিনি আমার গায়ে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন।”
ধস্তাধস্তির এক পর্যায়ে হাত থেকে ছুটে দরজা খুলে দৌড়ে বাসার বাইরে চলে আসেন বলে দাবি করেন ওই ছাত্রী।
এ বিষয়ে অধ্যক্ষ বদরুদ্দোজা বলেন, “একটি মোবাইল ফোন হারানোর ঘটনায় মেয়েটিকে বাসায় ডেকে পাঠিয়েছিলাম।”
ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ অসত্য বলে তিনি দাবি করেন।
ওসি সাহাবুদ্দিন বলেন, “উদ্ভূত পরিস্থিতি শান্ত হলে ঘটনার সঠিক তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
