সৎ পিতার বিরুদ্ধে কন্যা-শিশুকে ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ি শহরের শালবন গ্রামের একজনের বিরুদ্ধে তার স্ত্রীর আগের পক্ষের ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শালবন গ্রামের শাপলা চত্বর থেকে স্থানীয়রা এই অভিযোগে নুরুন্নবীকে (৫০) আটক করে পুলিশে সোর্পদ করে।
খাগড়াছড়ি সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রইছ উদ্দিন বলেন, পুলিশ গিয়ে ধর্ষক ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক ধর্ষণের কথা স্বীকার করেছে।”
এ ঘটনার শিকার শিশুটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, তারা ধর্ষণের প্রাথমিক আলামত পেয়েছেন।
ওই কিশোরীর জবানবন্দীর ভিত্তিতে মামলা প্রস্তুতি চলছে উল্লেখ করে খাগড়াছড়ি সদর থানার ওসি সামসুদ্দিন ভূইয়া বলেন, “তবে এখনও বাদী কে হচ্ছে এটি নিশ্চিত নয়।
ভিকটিমের মাকে থানায় আনতে পুলিশ পাঠানো হয়েছে।
শিশুটি সাংবাদিকদের জানায়, নিজের বাবার কাছেই সে থাকে। ২/৩দিন আগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে তার মা তাকে খাগড়াছড়িতে তার সৎ বাবার বাসায় নিয়ে আসে।
বৃহস্পতিবার সকালে তার মা কাজে বের হলে সৎ বাবা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বলে জানায় সে।
