‘পক্ষপাত’: নির্বাচন বর্জন আ.লীগ প্রার্থীর
নির্বাচন কমিশন ও পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন আওয়ামী লীগ মনোনীত এক চেয়ারম্যান প্রার্থী।
বৃহস্পতিবার বিকালে জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাসান যুবায়ের হিটলার এই ঘোষণা দেন।
তিনি জামালপুরের ধানুয়া কামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলের মনোয়ন পেয়েছেন।
হাসান জুবায়ের হিটলারের অভিযোগ, নির্বাচন কমিশন ও জেলা পুলিশ প্রশাসন তাকে সহযোগিতা না করে উল্টো ৪টি মামলা দিয়ে দলীয় নেতাকর্মীদের হয়রানি করছে।
“কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
“স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামালের লোকজন প্রকাশ্যে নৌকা প্রতীক, বঙ্গবন্ধুর ছবি পোড়ানো এবং নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুরের ঘটনায় পুলিশ মামলা না নিয়ে উল্টো হয়রানি করছে।”
সংবাদ সম্মেলনে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ, জেলা আওয়ামী লীগ নেতা জাফর ইকবাল জাফু বক্তব্য দেন।
