Published : 05 May 2016, 05:47 PM
বৃহস্পতিবার উপজেলার সুতী পূর্বপাড়া অটোরাইস মিলের পাশের একটি ঝোপ থেকে চাপাতিটি উদ্ধার করা হয় বলে জানান টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ওসি গোলাম মাহফীজুর রহমান।
তবে চাপাতিটি ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কি না তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। এর আগে ঘটনার পর ওই এলাকা থেকেই একটি রক্তমাখা চেক শার্ট উদ্ধার করা হয়।
ওসি গোলাম মাহফীজুর বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই গোপালপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার ওই এলাকা থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ আসলাম খান বলেন, উদ্ধার হওয়া রক্তমাখা চাপাতিটি নিখিল হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এদিকে হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার তিন জনের রিমান্ড বৃহস্পতিবার শেষ হয়েছে।
তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বলে টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান।
গত শনিবার দুপুরে গোপালপুর উপজেলার ডুবাইল এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কুপিয়ে হত্যা করা হয় নিখিলকে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে একটি রক্তমাখা শার্ট পাওয়া যায়।