২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতের সময় জামালপুরে পাটগুদামে অগ্নিকাণ্ড

জামালপুর শহরের তমালতলা চাপাতলার ঘাটে বজ্রপাতের সময় একটি পাট গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 04:43 PM

Updated : 11 Oct 2022, 08:11 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বৃষ্টির মধ্যে বজ্রপাত হওয়ার সময় পাটের ওই গুদামে আগুন লাগে।

জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সহ-সভাপতি ইকরামুল হক নবীন জানান, সকাল সাড়ে ১০টায় বৃষ্টির সময় বজ্রপাতে চাপাতলার ঘাটে আমজাদ হোসেনের পাট গুদামে আগুন লাগে।

“ওই গুদাম ভাড়া নিয়ে ফারুক হোসেন, লুৎফর রহমান ও বিজন কুমার নামে তিন ব্যবসায়ী পাট রেখেছিল।

“গুদামটিতে প্রায় ৮ হাজার মন পাট ছিল। এর অধিকাংশই পুড়ে গেছে।”

জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানান, দমকল বাহিনীর ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে একটি কমিটি গঠন করা হচ্ছে।

জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ব্যবসায়ীরা বজ্রপাতে আগুন লাগার কথা বললেও পুলিশের পক্ষ থেকে আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে।