মাগুরায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীকে কুপিয়ে জখম
নির্বাচনের দুদিন আগে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপার এহসান উল্লাহ জানান।
আহত রবিউল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন এক যুবকে আটক করেছে পুলিশ।
আহত রবিউল বলেন, “নির্বাচনের দিন মোটরসাইকেল ব্যবহারের অনুমতিপত্র নিতে উপজেলা সদরে আসি।উপজেলা পরিষদ চত্বরে মধ্যে একটি দোকানে বসে চা খাওয়ার সময় ৮/১০ জন যুবক লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।”
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলজারে হোসেন ভাড়াটিয়া লোক দিয়ে তার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন রবিউল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোকসেদুল মোমিন বলেন, রবিউলের মাথার জখম গুরুতর।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় শোভন নামে এক যুবককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
