২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে বরিশালে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 07:46 PM

Updated : 20 Aug 2022, 12:37 PM

বুধবার দুপুরে সদর উপজেলার লাহারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বন্দর থানার ওসি মাহবুবুল আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল মৃধা (২৫), কর্মী মো. রাকিব (২২) ও ফয়সাল হাওলাদার (২১)।

তিন জনই বন্দর থানা এলাকার নরকাঠী গ্রামের বাসিন্দা।

এদের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগও রয়েছে বলে জানান ওসি।

পুলিশ কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, বেলা ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী নৌকা নিয়ে লাহারহাট এলাকায় নদীতে ঘুরতে যায়।

“তীরে ফেরার পথে শাকিলের নেতৃত্বে ৫/৬ জন মাঝ নদীতে তাদের জিম্মি করে মারধর করে এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।”

এ ঘটনায় শিক্ষার্থীরা থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে শিক্ষার্থীদের ছয়টি মোবাইল ফোন সেট উদ্ধার করে বলে জানান ওসি।

এ ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলাও হয়েছে।