২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রয় কর্মকর্তার ৯ টুকরা লাশ, আটক ১

পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লার বাসা থেকে গাজী পাম্পের এক বিক্রয় কর্মকর্তার ৯ টুকরা লাশ উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 01:35 AM

Updated : 20 Aug 2022, 12:37 PM

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আকতারুজ্জামানের (৩৫) টুকরা টুকরা লাশ উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান।

ঘটনার সাথে জড়িত সন্দেহে তার চাচাত ভাই রাহিদুজ্জামান রাহিদকে আটক করেছে পুলিশ।

নিহত আকতারুজ্জামান কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইকপাড়ার নান্দিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে। তিনি গাজী পাম্পের বিক্রয় কর্মকর্তা হিসেবে পাবনায় কর্মরত ছিলেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আখতারুজ্জামান গাজী পাম্পে চাকরির সুবাদে শহরের কৃষ্ণপুর মহল্লায় জামিল হোসেনের পাঁচতলা বাড়ির নিচতলায় চাচাত ভাই রাহিদুজ্জামানসহ ভাড়া থাকতেন।

“মঙ্গলবার সারাদিন তার কোনো খোঁজ না পেয়ে অফিসের লোকজন রাহিদুজ্জামানকে আটক করে পুলিশে দেয়।”

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওই বাসা থেকে রাত সাড়ে ১০টার দিকে আকতারুজ্জামানের ৯ টুকরা লাশ উদ্ধার করে বলে ওসি জানান।

গাজী পাম্পের আঞ্চলিক ব্ক্রিয় ব্যবস্থাপক সবুজ মিয়া বলেন, “সোমবার রাত সাড়ে ৯টার দিকে আকতারের সাথে আমার শেষ কথা হয়।

“মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। দুপুর পর্যন্ত তার খোঁজ না পেয়ে বাসায় গেলে রুমমেট রাহিদ আমাকে জানায়, আখতার গ্রামের বাড়ি জরুরি কাজে গেছে।”

পরে আকতারের বাড়িতে খোঁজ নিয়ে না পেয়ে আবার তার বাসায় গেলে রাহিদ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে তিনি জানান।