২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তা গ্রেপ্তার

জামালপুরে টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2016, 11:02 PM

Updated : 20 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার সদর থানার ছনকান্দা শাখার সাবেক ব্যবস্থাপক মো. আলী আজগর ও মো. ইকবাল হোসেন চৌধুরীকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় বলে টাঙ্গাইল দুদকের সহকারী পরিচালক সমর কুমার ঝাঁ জানান।

তিনি সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জামালপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক বলেন, ২০১৫ সালের ৩ নভেম্বর জামালপুর সদর থানার ছনকান্দা শাখার সাবেক ব্যবস্থাপক মো. আলী আজগর ও মো. ইকবাল হোসেন চৌধুরী এবং সাবেক সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক আব্দুল ওহাবের বিরুদ্ধে দুদক টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামপ্রসাদ মণ্ডল পৃথক ১১টি মামলা করেন।

“এই তিন কর্মকর্তা ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ওই শাখায় কর্মরত থাকা অবস্থায় ভুয়া ঋণ বিতরণ, ডিপোজিট স্লিপের মাধ্যমে টাকা গ্রহণ করে জমা না দিয়ে পর্যায়ক্রমে মোট ১৬ লাখ ৩৪ হাজার ৬৬৬ টাকা আত্মসাৎ করেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।”

এর আগে গত ১৯ এপ্রিল অপর আসামি আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় বলে তিনি জানান।