মা-বাবাকে নির্যাতন, সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে কারাদণ্ড
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় মা-বাবাকে মানসিকভাবে নির্যাতন করায় সাবেক এক ওয়ার্ড কাউন্সিলরকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম মিলু (৩৩) পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সুন্দরগঞ্জ ডিডব্লিউ ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান।
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিলু দীর্ঘদিন ধরে তার বাবা-মাকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।
“বাবা শাহজাহান মিয়া মন্টু সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার মিলুকে বামনজল এলাকার বাড়ি থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।”
আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম মিলুকে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড দিলে তাকে কারাগারে পাঠানো হয় বলে ওসি জানান।
