শ্বশুরবাড়িতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
গাইবান্ধায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জুঁই বেগম (২৫) অভিরামপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে এবং একই উপজেলার তালুক কানুপুর গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বছর আগে বিয়ের পর থেকে হালিম যৌতুকের দাবিতে জুঁইকে প্রায়ই নির্যাতন করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
“২৫ দিন আগে জুঁইয়ের একটি মেয়ে হয়। সোমবার সন্ধ্যায় হালিম স্ত্রী-সন্তানকে দেখতে আসেন।
“রাতে হালিম ধারালো অস্ত্র দিয়ে জুঁইকে উপর্যুপরি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের বাবা জিল্লুর রহমান গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ আব্দুল হালিমকে গ্রেপ্তার করতে চেষ্টা করছে বলে পরিদর্শক আমিনুল জানান।
