২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আটক

জালিয়াতির মাধ্যমে সাড়ে পাঁচ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে খুলনায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2016, 05:15 PM

Updated : 20 Aug 2022, 12:36 PM

দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের জিআরও মো. জামাল উদ্দিন ফারুক জানান, সোমবার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগাঁ এলাকা থেকে রণেশ বিশ্বাসকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

রণেশ গ্রামীণ ব্যাংকের সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর শাখার দ্বিতীয় কর্মকর্তা। যশোরের মণিরামপুর উপজেলার মশিয়াহাটি সুজাত নগরের মৃত রঞ্জন বিশ্বাসের ছেলে তিনি।

জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রণেশ ১২৬ জনের নামে ভুয়া ঋণ দেখিয়ে ২০০৯ সালের ৯ জুলাই থেকে ২০১০ সালের ৮ জুন পর্যন্ত ১০ লাখ ৬২ হাজার ২১০ টাকা ব্যাংক থেকে উত্তোলন করেন।

“ওই টাকার মধ্য থেকে বিভিন্ন কিস্তিতে চার লাখ ৯৯ হাজার ৬৮১ টাকা পরিশোধ করেন তিনি। বাকি পাঁচ লাখ ৬১ হাজার ৬২৯ টাকা আত্মসাত করেন।”

রণেশের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল বাদী হয়ে ২০১৪ সালে কলারোয়া থানায় অর্থ আত্মসাতের মামলা করেন বলে জানান জামাল।