ফরিদপুরে অপহৃত ছাত্রীকে উদ্ধারের দাবি
ফরিদপুর সদর উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চারদিনেও উদ্ধার করা যায়ানি।।
তাকে উদ্ধারের দাবিতে মঙ্গলবার সকালে ‘শিবরামপুর আরডি একাডেমির’ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল চত্বরে মানববন্ধন করেছে।
গত শনিবার স্কুলে যাওয়ার পথে কয়েকজন যুবক জোরপূর্বক মাইক্রোবাসে তুলে মেয়েটিকে (১৩) নিয়ে যায়।
ওই ঘটনায় তার বাবা চার জনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
শিবরামপুর আরডি একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম মিয়া বলেন, অপহরণের ঘটনায় স্কুলের অন্য শিক্ষার্থীরাও আতংকে রয়েছে। দোষীদের গ্রেপ্তার করতে না পারলে স্কুল পরিচালনা করা কষ্টকর হবে।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি বিভূতিভূষণ দাস বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে শিক্ষার্থীরা নিরাপদ না হলে স্কুল কীভাবে চলবে?
স্থানীয় প্রশাসনের কাছে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, দ্রুততম সময়ে মধ্যে ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে না পারলে স্কুল বন্ধ করে প্রতিবাদ করা হবে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছে।
