চান্দিনায় নির্বাচনী সংঘর্ষে আহত হয়ে মৃত্যু
কুমিল্লার চান্দিনা উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর চাচা দুই সপ্তাহ পর মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী নিশ্চিত করেন।
মৃত আব্দুল মান্নান (৬০) চান্দিনা উপজেলার পানিপাড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
ওসি রসুল আহমেদ জানান, গত ১৯ এপ্রিল রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে আওয়ামী লীগ প্রার্থী জামাল উদ্দিন ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধানের সমর্থকদের সংঘর্ষে দুপক্ষের অন্তত সাত জন আহত হন।
শাহ্ সেলিম প্রধান বলেন, “১৯ এপ্রিল ধারালো অস্ত্রের আঘাতে আহত আমার চাচাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেই। ১০ দিন পর অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে এনে চিকিৎসার ব্যবস্থা করি।”
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে তিনি হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেবেন বলে জানান।
তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি রসুল।
