পাটুরিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার
মানিকগঞ্জের পাটুরিয়ায় দুই দিন আগে ট্রলার ডুবে নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন একজন।
মঙ্গলবার সকালে পাটুরিয়ার তিন নম্বর ঘাটের অদূরে লাশটি পাওয়া বলে শিবালয় থানার ওসি রকিবুজ্জামান জানান।
উদ্ধার হওয়া কুদ্দুস প্রামাণিক (৫২) পাবনা সদর উপজেলার চর তারাপুর গ্রামের আহমেদ প্রামাণিকের ছেলে।
কুদ্দুসের লাশ পাটুরিয়া নৌ পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে এ ফাঁড়ির ইনচার্জ শামীম হোসেন জানিয়েছেন।
ওসি রকিবুজ্জামান বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে পাটুরিয়ার তিন নম্বর ঘাটের পাশেই কুদ্দুসের লাশ ভেসে উঠে। পরে স্থানীয় আরিচা ফায়ার স্টেশনের কর্মীরা লাশ উদ্ধার করে।
তবে এখনও রহিজ প্রামাণিকের সন্ধান মেলেনি বলে জানান তিনি।
রোববার সন্ধ্যায় পাবনা থেকে আসার পথে পাটুরিয়ার তিন নম্বর ফেরিঘাটে ঝড়ের কবলে পড়ে বালুবাহী একটি ট্রলার ডুবে দুই শ্রমিক রহিজ প্রামাণিক (৫০) ও কুদ্দুস প্রামাণিক নিখোঁজ হন।
