২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের উপস্থিতিতে ‘মাদক ব্যবসায়ীর’ বাড়ি ভাংচুর, আগুন

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় পুলিশের উপস্থিতিতে এক ‘মাদক ব্যবসায়ীর’ বাড়িতে ভাংচুর ও আগুন দিয়েছে এলাকাবাসী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2016, 10:26 PM

Updated : 11 Oct 2022, 08:10 PM

সোমবার দুপুরে শেরপুর গ্রামে মাদকবিরোধী সমাবেশের মধ্য দিয়ে স্থানীয় মনির মিয়ার বাড়িতে এ হামলা চালায় এলাকার লোকজন।

“সমাবেশ শেষে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপস্থিতিতে বাড়িটিতে ভাংচুর ও আগুন দেওয়া হয়,” জেলা নাগরিক সমাজের সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন।

সদর থানার ওসি মঈনুর রহমান বলেন, মনির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।

“মনির একাধিকবার গ্রেপ্তার হলেও আইনের ফাঁকে কারাগার থেকে বের হয়ে আবারও মাদক ব্যবসায় নেমে পড়ে। তাই এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তার বাড়ি ভাংচুর ও আগুন দেয়।”

ভাংচুরের ঘটনায় মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, ভাংচুরের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান স্বীকার করেন, “স্থানীয় উত্তেজিত জনতা আমাদের সামনেই এই মাদক ব্যবসায়ীর বাড়ি ভাংচুর ও আগুন দেয়।”

মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার প্রসঙ্গে তিনি বলেন, “আইনের ফাঁকফোকরে তারা জেল থেকে বের হয়ে আবার মাদক ব্যবসায় নেমে পড়ে। তাই স্থানীয় জনতা এই অভিযান চালিয়েছে।”

এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, “কী কারণে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হল তা বিবেচনায় আনতে হবে।

“সাধারণভাবে কেউ বাড়িঘর ভাংচুর করলে একরকম হয় আর মাদক নির্মূল করতে গিয়ে ভাংচুর করলে অন্যরকম হয়। এর আইনগত বিষয় একরকম, তবে বাস্তবতার নিরিখে অনেক কিছু করতে হয়।”