‘পুলিশের ধাওয়ায়’ পুকুরে ডুবে মৃত্যু, সড়ক অবরোধ
ঢাকার সাভারে গোয়েন্দা পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।
সোমবার বিকালে ওই যুবকের লাশ ভেসে উঠলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় আধা ঘণ্ট অবরোধ করে রাখে।
নিহত মো. ওয়াহেদুজ্জামান (৩৮) সাভারের আমিনবাজার বেগুনবাড়ী এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
তার ছোট ভাই আবুল কালাম বলেন, তার ভাইকে গ্রেপ্তারের জন্য ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল রোববার দুপুরে তাদের বাড়িতে অভিযান চালায়।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে বের হয়ে আমার ভাই দৌড় দিলে পুলিশও তার পিছু নেয়।
“গ্রেপ্তার এড়াতে এক পর্যায়ে প্রতিবেশী রকিব চেয়ারম্যানের পুকুরে ঝাঁপ দিলে কয়েকজন পুলিশ ঝাঁপিয়ে পড়ে ধস্তাধস্তির পর পাড়ে উঠে আসে।”
ওই সময় তার ভাইকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সোমবার বিকালে তার লাশ ভেসে ওঠে বলে জানান কালাম।
এ ঘটনায় সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করার জন্য গেলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে গোয়েন্দা পুলিশের এসআই আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
তবে ঢাকা জেলা (উত্তর ) গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ বলেন, আমিনবাজার বেগুনবাড়ী এলাকায় বিপুল পরিমাণ মাদক বেচা-কেনা হচ্ছে খবর পেয়ে আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা ওয়াহিদুজ্জামান পালিয়ে যায়।”
সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ওয়াহেদুজ্জামানের লাশ নিয়ে সোমবার বেলা সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এলাকাবাসী।
“খবর পেয়ে পুলিশ গিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।”
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সাধারণ ডায়েরির ব্যাপারে ওসি বলেন, তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজের তথ্য দিলে পুলিশ ও তার পরিবারের সদস্যরা মিলে খোঁজার চেষ্টা করেছে।
