ঝড়ে শীতলক্ষ্যায় নৌকা ডুবে কিশোর নিখোঁজ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঝড়ে শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে এক কিশোর নিখোঁজ হয়েছে।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, রোববার সন্ধ্যায় সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় যাত্রীবাহি নৌকা ডুবে ওই কিশোর নিখোঁজ হয়।
নিখোঁজ রাকিব (১৫) উপজেলার র্যালি বাগান এলাকার আব্দুল কাদিরের ছেলে।
নৌ পুলিশ কর্মকর্তা শাহ আলম বলেন, রোববার সন্ধ্যা ৭টায় র্যালি বাগান এলাকার সাইদুর রহমান ও তার শ্যালক রাকিব মোটরসাইকেল নিয়ে নৌকায় শীতলক্ষ্যা নদী পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ ঝড় উঠলে নৌকাটি উল্টে যায়।
“নৌকার মাঝি ও সাইদুর সাঁতরে তীরে উঠতে পারলে পানিতে তলিয়ে যায় রাকিব।”
খবর পেয়ে রাতেই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করে। সকালে মোটরসাইকেলটি উদ্ধার করা গেলেও রাকিবের খোঁজ মেলেনি বলে জানান তিনি।
