২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

বগুড়া সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2016, 10:32 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

বানদিঘি পূর্বপাড়ার আব্দুল ওয়াহেদ (৪৫) শনিবার সকালে মারা যান বলে সদর থানার এসআই আব্দুর রাজ্জাক জানান।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের কাঠ ব্যবসায়ী মিলন মিয়া ও বাসচালক হিরু মিয়ার মধ্যে পাওনা টানা নিয়ে বিরোধের জেরে শুক্রবার রাতে দুই পক্ষের সংঘর্ষ হয়।

“সংঘর্ষে আহত ১০ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”

গ্রামের আব্দুস সামাদ জানান, শনিবার সকালে ওয়াহেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী কাঠ ব্যবসায়ী মিলনের ব্যবসায় প্রতিষ্ঠান, কাঠের গুঁড়ার গুদাম ও সাতটি বাড়িতে হামলা করে আগুন দেয়। এতে ব্যাপক ক্ষতি হয়। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায়।

পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এসআই আব্দুর রাজ্জাক জানিয়েছেন।