‘আগুন যুদ্ধে পরাজিতরাই দেশে গুপ্ত হত্যাকারী’
মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি দেশের সাম্প্রতিক গুপ্তহত্যার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, “দেশে গুপ্ত হত্যাকারী তারাই যারা একাত্তরে পরাজিত হয়েছিল, যারা ২১ অগাস্ট গ্রেনেড হামলা করেছিল, যারা আগুন যুদ্ধে পরাজিত হয়েছিল।
“সম্প্রতি গুপ্ত হত্যাকারী সেই চক্র যারা বাংলাদেশর সংবিধানকে বাইরে ঠেলে দিয়ে ছিল।”
তথ্য মন্ত্রী শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর সার্কিট হাউজে স্থানীয় জাসদ নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
আফসার উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে মন্ত্রী বলেন, রাজাকার, জঙ্গীবাদ ও ৭১ এর দালালদের পতন না হওয়া পর্যন্ত আমরা বিপদ মুক্ত হতে পারব না । এখন মহা ঐক্য ছাড়া বাংলাদেশকে ‘সেইফ’ করা যাবে না।
তথ্য মন্ত্রী বলেন, এই দেশকে আরেক ধাপ উঠতে হলে বৈষম্য মুক্ত, দুনীতি মুক্ত, দলবাজি মুক্ত করতে হবে।
সভায় বক্তব্য দেন, জাসদের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মুনির, মুজিবুর রহমান, আ. সামাদ মিয়া, নূরুল আমিন প্রমুখ।
