২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেজাউল হত্যা: অষ্টম দিনেও উত্তাল রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে অষ্টম দিনেও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2016, 05:05 PM

Updated : 11 Oct 2022, 08:09 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, মৌন মিছিল, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক সমিতি, বিভিন্ন সংগঠন ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদুল্লাহ ভবনের সামনে ‘জাগো জাগো, মানুষ জাগো’ স্লোগান নিয়ে মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে সমাবেশ করে তারা।

সমাবেশে নিহত রেজাউল করিম সিদ্দিকীর ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বলেন, “মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল হত্যার কারণ খুঁজতে ব্যস্ত, আরেকদল কারা হত্যা করেছে সেটা খুঁজছে।

যারা হত্যার কারণ খুঁজতে ব্যস্ত তারা এ হত্যাকাণ্ডের বৈধতা দিতে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।

এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।

তিনি বলেন, “যেভাবে মুক্তমনা, প্রগতিশীল ও শিক্ষকদের হত্যা করা হচ্ছে তাতে মনে হচ্ছে পদে পদে আমাদের হত্যা করার জন্য তারা এগিয়ে আসছে। তাদের বিচারের মাধ্যমে শাস্তি দিয়ে নিবৃত্ত করতে হবে। এই মৃত্যুই যেন শেষ মৃত্যু হয়।”

“পুলিশের সর্বোচ্চ একজন ব্যক্তি বলেছেন, প্রত্যেকের নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে তার দায়িত্বশীল আচরণ করা উচিত। প্রশাসনকে বলতে চাই, শত্রুর দিকে তাকিয়ে কথা বলুন মিত্রের দিকে তাকিয়ে নয়।”

শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ্ বলেন, “আমরা আর কোনো কথা শুনতে চাই না। এখন শুধু কাজ দেখতে চাই। অনেক কথা শুনেছি আর নয়।”

“রেজাউল স্যারের রক্ত শুকিয়ে যাচ্ছে আপনারা দ্রুত তার হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তি  দিন।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু, বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদি, লোক প্রশাসনের সভাপতি ড. মো. আওয়াল হোসেন মোল্যা, আইন বিভাগের সভাপতি অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি বিশ্বজিৎ চন্দ ও সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তানজিমা জোহরা হাবিব প্রমুখ।

একই সময় শোক মিছিলে করে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ, পরিসংখ্যান সমিতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, আইন বিভাগ, লোক প্রশাসন বিভাগ, বাংলা বিভাগ, ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ, অর্থনীতি বিভাগ, ভাষা বিভাগ, আইইআর, রসায়ন বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতির মানববন্ধনে সংহতি প্রকাশ করে তারা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোট ও সাংস্কৃতিক জোট, মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল, জাতীয় শ্রমিক ফেডারেশন, চিহ্ন সংগঠন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে।

গত ২৩ এপ্রিল রাজশাহীর শালাবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সেদিনই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন ওই শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ। পরে গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।