২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের অভিযোগে আটক ২

ঢাকার সাভার উপজেলায় এক নারীকে ধর্ষণ ও সে দৃশ্য ভিডিওচিত্রে ধারণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 01:57 AM

Updated : 20 Aug 2022, 12:34 PM

বুধবার রাতে উপজেলার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার কামাল উদ্দিন বিশ্বাসের ভাড়া দেওয়া বাড়ির ছয় তলা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান সাভার মডেল থানার এসআই মোফাজ্জেল হোসেন।

আটককৃতরা হলেন- টাঙ্গাইলের মির্জপুর থানার মাঝালিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে ঢাকা কলেজের ছাত্র নাহিদুজ্জামান অভি ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আতলাপুর গ্রামের প্রয়াত কামরুজ্জামান খানের ছেলে আতিকুজ্জামান খান শোভন।

ওই নারীকে উদ্ধৃত করে এসআই মোফাজ্জেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক বছর আগে রাজধানীর উত্তরার আতিকুজ্জামান খান শোভনের সঙ্গে তার বিয়ে হয়। চার মাস আগে তাদের বিচ্ছেদ হয়।

“বুধবার বিকালে শোভন ব্যাংক কলোনী এলাকায় তার বন্ধু অভির বাসায় বেড়াতে  আসেন। এসময় অভির মা নুরহাজান বেগম ওই নারীকে ফোন করে তার বাসায় ডেকে আনেন।

“পরে অভি ও শোভনকে বাসায় রেখে বাইরে যান নুরজাহান। এ সুযোগে অভি ওই নারীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। তখন তার সাবেক স্বামী শোভন ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।”

পরে কৌশলে ওই নারী বাড়ি থেকে বের হয়ে ঘটনাটি প্রতিবেশীদের জানান।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভি ও শোভনকে আটক করে।

পুলিশ কর্মকর্তা মোফাজ্জল বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।