কারারক্ষী খুন: গ্রেপ্তার হিমেল রিমান্ডে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সাবেক কারারক্ষী রুস্তম আলী খুনের ঘটনায় গ্রেপ্তার হিমেল আহমেদকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল মাসুদ শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদলতের পরিদর্শক মো. রবিউল ইসলাম।
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
জয়দেবপুর থানার ওসি খন্দকার মো. রেজাউল হাসান রেজা জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের প্রাক অবসর ছুটিতে থাকা কারারক্ষী রুস্তম আলী দুর্বৃত্তের গুলিতে নিহত হন।
এ ঘটনায় ওই রাতেই নিহতের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে মামলা করেন। রাতেই এজাহার নামীয় আসামি হিমেলকে গ্রেপ্তার করে পুলিশ।
