২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে মাদকের মামলায় একজনের যাবজ্জীবন

ফেন্সিডিল রাখার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 02:26 PM

Updated : 12 Apr 2022, 01:56 AM

বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আরিফুল ইসলাম (৩৪) রংপুরের পীরগঞ্জ উপজেলার কাশিপুর পূর্বপাড়া গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ জুন ভোরে পীরগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বাস থামিয়ে ৬২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

এ সময় ফেন্সিডিল রাখার অভিযোগে আরিফুল ইসলামসহ চারজনকে আটক করা হয়।  

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আখতারুজ্জামান পলাশ জানান, ২৮ জুন চারজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন পীরগঞ্জ থানার তৎকালীন এসআই জয়নাল আবেদীন।

একই বছরের ২৭ জুলাই পীরগঞ্জ থানার এসআই শাকিউল আজম তিন আসামিকে বাদ দিয়ে শুধু আরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দেন বলে জানান এপিপি।