নাটোর সুগার মিল শ্রমিকদের বিক্ষোভ
প্রস্তাবিত জাতীয় মজুরি স্কেল ঘোষণাসহ ছয়দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারীরা।
বুধবার সকাল ৮টার দিকে নাটোর সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন মিল গেটে এই কর্মসূচির আয়োজন করে।
এ সময় সর্বনিম্ন ৮ হাজার ৭৫০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণ করে ২০১৫ সালের ১ জুলাই থেকে প্রস্তাবিত জাতীয় মজুরি স্কেল ঘোষণার দাবি জানানো হয়।
নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জাতীয় মজুরি স্কেল ঘোষণা করা হয়নি।
বক্তব্যে তিনি অবিলম্বে ২০১৫ সালের ১ জুলাই থেকে প্রস্তাবিত জাতীয় মজুরি স্কেল ঘোষণাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
ছয়দফা দাবি বাস্তবায়ন না হলে প্রত্যেক রাষ্ট্রয়াত্ত কারখানার গেটে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ার করেন হাবিবুল্লাহ।
সমাবেশে নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী প্রমুখ বক্তব্য রাখেন।
