বিয়ে না করায় থানার ওয়্যারলেস অপারেটর কিশোরীকে ‘পেটালেন’
বিয়ে করতে রাজি না হওয়ায় দিনাজপুর কোতোয়ালি থানার ওয়্যারলেস অপারেটর এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবারের এ ঘটনায় অপারেটর মোস্তফা কামালের বিরুদ্ধে মামলা না নিয়ে পুলিশ কর্মকর্তারা সমঝোতার জন্য চাপ দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
তবে পুলিশ অভিযোগ অস্বীকার করে মামলা নেবে বলে জানিয়েছে।
শহরে বসবাসরত পরীক্ষার্থীর বাবা ও খালু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, প্রায় এক বছর ধরে অপারেটর মোস্তফা বিভিন্ন সময় পরীক্ষার্থীকে প্রেম প্রস্তাব দেন।
“মঙ্গলবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ইয়াবা দিয়ে হাজতে নেওয়ার হুমকি দিয়ে মোটরসাইকেলে তুলে শহরের ফকিরপাড়া এলাকার একটি ফাঁকা বাড়িতে নিয়ে বিয়ের জন্য চাপ দেন।”
পরীক্ষার্থী রাজি না হলে মোস্তফা তাকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে মাথায় চাকুর আঘাতে জখম করেন বলে পরীক্ষার্থীর অভিযোগ।
সন্ধ্যায় পরীক্ষার্থীকে তার বাড়ির কাছে ফেলে অপারেটর মোস্তফা পালিয়ে গেলে তাকে রাত ৮টায় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাবা ও খালুর অভিযোগ, মামলা না নিয়ে ওসিসহ পুলিশ কর্মকর্তারা মোস্তফার সাথেই বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে সমঝোতার চেষ্টা করছেন।
তবে ওসি খালেকুজ্জামান সমঝোতার কথা অস্বীকার করে বলেন, “বিয়ে ও মামলার প্রস্তাব দেওয়া হয়েছে। তারা যেটা চাইবে সেটাই হবে।”
