মোটরসাইকেল আরোহী এইচএসসি পরীক্ষার্থী নিহত
নারায়ণগঞ্জ শহরে কভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক এইচএসসি পরীক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছে।
ইয়াছিন আরাফাত (২২) মঙ্গলবার দুপরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইরের এ দুর্ঘটনায় মারা যায় বলে ফতুল্লা মডেল থানার ওসি কামাল হোসেন জানান।
এ সময় ইয়াছিনের বন্ধু সিয়াম গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল যোগে শহরের চাষাঢ়ার এক বন্ধুর কাছ থেকে পরীক্ষার সাজেশন নিয়ে ফতুল্লার পঞ্চবটির বাসায় ফিরছিল।
“মাসদাইর এলাকায় পৌঁছালে সিমেন্টবাহী একটি কভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ইয়াছিন ঘটনাস্থলেই মারা যায়।”
নিহত ইয়াছিন ফতুল্লার পঞ্চবটি গুলশানের মফিজুল ইসলামের একমাত্র ছেলে।
দুর্ঘটনার পর চালকসহ কভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।
