২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফড়িয়া থেকে গম সংগ্রহের অভিযোগ, খাদ্য কর্মকর্তা ‘লাঞ্ছিত’  

কৃষকের বদলে ফড়িয়ার কাছ থেকে গম কেনার অভিযোগ এনে কৃষকরা গোপালগঞ্জের এক খাদ্য গুদাম কর্মকর্তাকে লাঞ্ছিত করেছে বলে খবর পাওয়া গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 06:53 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাহ উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের তথ্য অনুযায়ী এ বছর মুকসুদপুর উপজেলা সিন্ধিয়াঘাট খাদ্য গুদামে প্রতি কৃষক থেকে তিন মেট্রিক টন করে মোট ১ হাজার ৯০৯ মেট্রিক টন গম কেনার কথা রয়েছে।

গম সংগ্রহ অভিযান শুরু করার কথা গত সোমবার (২৫ এপ্রিল) থেকে।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, রোববার গভীর রাতে এলাকার ব্যবসায়ী হাফিজ হাওলাদার তিন ট্রাক গম গুদামের ফটকের ভেতরে নিয়ে যান।

সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই গিয়াস উদ্দিন বলেন, ট্রাক থেকে গম খাদ্য গুদামে নামানোর সময় স্থানীয়রা দেখে ফেলে। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই কৃষকরা গুদামে এসে প্রতিবাদ ও বিক্ষোভ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, সোমবার দুপুরে কৃষকরা আবার গুদামের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় উত্তেজিত কৃষকরা ওই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাহ উদ্দিনকে লাঞ্ছিত করে।

সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই গিয়াস উদ্দিন বলেন, “খাদ্য গুদামে বিক্ষোভ, মিছিল ও বিশৃংখলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় কৃষক রমজান আলী, সাবের মিয়া, জাহান মিয়া অভিযোগ করেন, খাদ্য গুদাম কর্মকর্তা তাদের কাছ থেকে গম কেনেন না।

কিছু দালাল ও ফড়িয়ার কাছ থেকে ঘুষ নিয়ে রাতের আঁধারে ট্রাক ট্রাক গম কিনে গম সংগ্রহ অভিযান শুরু করেছেন বলে অভিযোগ তাদের।

গত বছরও তিনি সব গম ফড়িয়াদের কাছ থেকে কিনেছেন বলে অভিযোগ তাদের।

ঘুষ নিয়ে গম কেনার কথা অস্বীকার করে খাদ্য গুদাম কর্মকর্তা গাজী সালাহ উদ্দিন বলেন, “সোমবার থেকে কৃষকদের কাছ থেকে গম সংগ্রহ অভিযান শুরু করার কথা ছিল।

“রোববার রাতে তিন ট্রাক গম গুদামের সামনে আনা হয়। আমি সেই গম বুঝে নেইনি। ট্রাক দেখেই কৃষক ক্ষিপ্ত হয়।”

তবে কৃষকদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনা এড়িয়ে যান তিনি।

কোনো পক্ষ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।