শার্শায় নদী দখলমুক্তকরণ শুরু
যশোরের শার্শা উপজেলা প্রশাসন বেতনা ও হাকর নদীসহ বিভিন্ন জলমহালের অবৈধ দখল মুক্ত করা শুরু করেছে।
মঙ্গলবার নিজামপুর এলাকায় বেতনা নদীর উপর নির্মিত পাটা বাঁধ (বাঁশ ও জাল দিয়ে তৈরি) ও মাটির বাঁধ অপসারণ করা হয় বলে জানান শার্শার সহকারী কমিশনার (ভূমি) লিটন আলি।
তিনি বলেন, শতাধিক পাটা বাঁধ ও মাটির বাঁধের মধ্যে উপজেলা প্রশাসন ২৪টি বাঁধ উচ্ছেদের প্রকল্প গ্রহণ করেছে, যার সময় ধরা হয়েছে ৪০ দিন।
লিটন আলি বলেন, কামারবাড়ি এলাকায় পাটা বাঁধ উচ্ছেদের সময় সরকারি কাজে বাধা দেওয়ায় সোমবার শরিফুল আলম মন্টু নামে একজনের কাছ থেকে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালামের ভ্রাম্যমাণ আদালত ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
ইউএনও আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন যাবত উন্মুক্ত বেতনা নদী, খালবিলসহ প্রতিটি প্রবহমান নদীতে জবরদখল করে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি পাটা বাঁধ ও মাটির বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছে।
এসব পাটা বাঁধের কারণে প্রতিবছর এলাকায় বন্যায় ব্যাপক ফসলহানি হয় বলে জানান তিনি।
এ ব্যাপারে স্থানীয় কৃষক আব্দুর রহমান ও মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু বলেন, ১৯৯৬ সালে সাবেক সংসদ সদস্য তবিবর রহমান সরদার সাধারণ মানুষের জন্য জাতীয় সংসদের মাধ্যমে বেতনা নদী উন্মুক্ত করে এনেছিলেন। কিন্তু পরবর্তীকালে এসব জলমহাল প্রভাবশালীরা দখলে নিয়ে মাছ চাষ শুরু করে।
