ময়মনসিংহে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার
নিখোঁজের একদিন পর ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীতে দুই বন্ধুর ভাসমান লাশ পেয়েছে পুলিশ।
সমগ্র
মঙ্গলবার দুপুরে ব্রহ্মপুত্র সেতুর নিচ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান।
এরা হলেন শহরের পাটগুদাম এলাকার হকার সাজন (২০) ও পরিবহন শ্রমিক ইমন (২০)।
তারা দুজন বন্ধু বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।
এ ঘটনায় এক নিহতের বাবা মামলা করলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
ওসি বলেন, সোমবার বেলা ১১টার সময় এরা বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।
“মঙ্গলবার দুপুরে ব্রহ্মপুত্র সেতুর নিচে তাদের ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর স্বজনরা শনাক্ত করেছে।”
তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কিছু বলা যাবে না, বলেন ওসি।
ওসি জানান, সাজনের বাবা চেঙ্গু মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত পরিচয় ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
সাজনের বাবা চেঙ্গু মিয়া ও ইমনের বাবা আব্দুস সোবহান বলেন, এরা দুজন বন্ধু ছিল। তাদের সঙ্গে কারো কোনো শত্রুতার কথা তাদের জানা নেই।
