‘ঋণ নিয়ে’ নিখোঁজ, বাড়িতে লুটের অভিযোগ
‘ঋণ নেওয়ার পর’ নিখোঁজ থাকা ঢাকার নবাবগঞ্জের এক স্বর্ণের দোকানদারের বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার দুপুরে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বড় তাসুল্ল্যা গ্রামের রঞ্জিত কর্মকারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে তার স্ত্রী মালতী কর্মকারের অভিযোগ।
মালতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবারিক কলহের জেরে প্রায় দেড় মাস আগে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর নিখোঁজ থাকেন তার স্বামী রঞ্জিত। স্থানীয় বাংলাবাজারে ‘মা জুয়েলার্স’ নামে তার একটি স্বর্ণের দোকান রয়েছে।
“সম্প্রতি চরখলসী গ্রামের সোহেল নামে এক ব্যক্তি দাবি করেন যে রঞ্জিত তার কাছ থেকে সুদে ৫০ হাজার টাকা ধার নিয়েছেন। পরে রঞ্জিতের নিখোঁজের কথা শুনে সোহেল তার বাড়িতে লুট করার হুমকি দেন।”
মালতী বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যান পলাশকে জানালে আগামী ৭ই মে ইউপি নির্বাচনের পর তিনি মীমাংসার আশ্বাস দেন। কিন্তু সোহেলের হুমকিতে ভয় পেয়ে শুক্রবার নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
“এতে ক্ষিপ্ত হয়ে সোমবার দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সোহেল ও তার দলবল আমার বাড়িতে হানা দেয়।
“আমি তাদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাই। পরে হামলাকারীরা কিস্তির নগদ ৮১ হাজার টাকা, চার ভরি স্বর্ণ, ৪০ ভরি রূপা, প্রায় ১ কেজি ওজনের পিতলের একটি গণেশের মূর্তি, ফ্রিজ, টিভি, মোবাইলসহ বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ৭/৮ লাখ টাকার মালামাল লুট করে।”
যাওয়ার সময় তারা বাড়িঘরে ভাংচুর চালায়।ভয়ে প্রতিবেশীরা সাহায্যের জন্য এগিয়ে আসেনি, বলেন মালতী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রঞ্জিত কর্মকার বিভিন্ন মানুষের কাছ থেকে ধারে ও সুদে টাকা নিয়ে জুয়েলার্সের ব্যবসা করতেন।
সোহেলের কাছ থেকেও তিনি কিছু টাকা এনেছিলেন বলে তারা শুনেছেন বলে জানান।
এ বিষয়ে জানতে সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
নবাবগঞ্জ থানার এএসআই জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালতী শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
“সোমবার তার বাড়িতে হামলা ও লুটের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।”
এ ঘটনায় জড়িত সন্দেহে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি; তবে পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
