২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদরে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় একজন নিহত হয়েছেন, যাকে ডাকাত দলের সদস্য বলছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 09:29 AM

Updated : 20 Aug 2022, 12:33 PM

সোমবার রাত ৩টার দিকে উপজেলার সুহিলপুর এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান জানান।

নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর; তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে একদল ডাকাত কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়।

“ডাকাতরা এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে ওই ডাকাতের মৃত্যু হয়।”

ওসি বলছেন, এ ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন; তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এরা হলেন- কনস্টেবল রুবেল হোসেন (২৩), জুনায়েদ আলম (২৫), মো. আলী হোসেন (৩৮) ও সোহেল রানা (২৬)।