পুলিশের লাঠিপেটায় জাবি প্রক্টরের পদত্যাগ দাবি
শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার সময় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েয় প্রক্টরের পদত্যাগ দাবি করেছে প্রগতিশীল ছাত্রজোট।
সোমবার সকাল ৯টার দিকে রেজিস্ট্রার ভবন ঘেরাও করে প্রক্টর তপন কুমার সাহার পদত্যাগ ও আটক ১২ নেতাকর্মীর মুক্তি দাবি করে জোটের নেতাকর্মীরা।
এর আগে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীর খুনি গ্রেপ্তারের দাবিতে ছাত্রজোট ঢাকা-আরিচা মহাসড়কে হরতাল পালন করতে গেলে পুলিশ লাঠিপেটাসহ ১২ নেতাকর্মীকে আটক করে।
জোটের শরিক ছাত্রইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শান্তিপূর্ণ হরতাল পালনকালে প্রক্টরের নির্দেশে ছাত্রদের উপর লাঠিচার্জসহ ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
“প্রক্টর নির্দেশ না দিলে পুলিশ কখনও ছাত্রদের উপর হামলা করার সাহস পেত না। তাই অবিলম্বে প্রক্টরের পদত্যাগ দাবি করছি।”
প্রক্টরের পদত্যাগ ছাড়াও তারা আটক ১২ শিক্ষার্থীর মুক্তি দাবি করেন।
বেলা আড়াইটায় উপাচার্য সবার সামনে এসে ১২ শিক্ষার্থীর মুক্তির আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে প্রক্টর তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আটক শিক্ষার্থীদের মুক্তির জন্য পুলিশের সাথে যোগাযোগ করছি।”
পদত্যাগের দাবি সম্পর্কে তিনি বলেন, “এ ঘটনায় প্রক্টরের ভূমিকা কী ছিল তা বিশ্ববিদ্যালয় প্রশাসন খতিয়ে দেখবে।”
প্রক্টর আর কিছু বলতে চাননি।
আটককৃতরা হলেন ছাত্রইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আবিদ সরকার সোহাগ, দপ্তর সম্পাদক সিয়াম রায়হান, সংস্কৃতি সম্পাদক লিটন মাহমুদ, কার্যকরী সদস্য রাকিবুল হাসান, জামিল রহমান জিশান ও কর্মী চন্দন দীপ মিত্র, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাসুক হেলাল অনিক, সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম, প্রচার সম্পাদক আব্দুল খালেক উজ্জ্বল ও মাহাথির মোহাম্মদ এবং মিনহাজুর রহমান আকাশ ও তানজিলা হক তানি।
