বরিশালে হরতালকারীদের পুলিশের ধাওয়া
সোহাগী জাহান তনুর খুনি শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে বামছাত্র সংগঠনের দুটি জোটের ডাকা হরতালের এক মিছিল পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।
সোমবার এ ঘটনায় শিশুসহ চারজন আহত হয়েছে বলে ছাত্ররা দাবি করেছেন।
আহতরা হচ্ছে বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এবি সিদ্দিক (২৩), অভি বিশ্বাস (২২), নিলিমা (১৭) ও আফসানা আক্তার (১১)।
তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ডা. মনিষা চক্রবর্তী জানান, হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্র জোট নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউনহলের সামনের সড়কে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন তারা।
“এ সময় পুলিশ এসে তাদের সাথে তর্ক বাধায়। এক পর্যায় লাঠিচার্জ শুরু করে। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে।”
তবে লাঠিচার্জের কথা অস্বীকার করে কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, পুলিশি নিরাপত্তায় ছাত্ররা সকালে মিছিল করেছে।
“সকাল সাড়ে ৯টার দিকে তারা সড়ক অবরোধ করলে, পুলিশ তখন তাদের বাধা দেয়।
“এ সময় পুলিশের লাঠি নিয়ে টানাহেচড়া করে কয়েকজন। তখন পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
“এ সময় পড়ে গিয়ে দু/এক জন আহত হতে পারে।”
