হাসপাতালে লাশ ফেলে স্ত্রীর ‘পলায়ন’
ঢাকার কেরানীগঞ্জে এক যুবকের লাশ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে গেছে অভিযোগ পাওয়া গেছে।
নিহত মো. পারভেজ (২৭) পুরান ঢাকার ইসলামপুরে একটি কাপড়ের দোকানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করতেন। স্ত্রীকে নিয়ে কেরানীগঞ্জের কুশিয়ারবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিন্নৎ আলী আনসারী রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “হাসপাতালের জরুরি বিভাগ থেকে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়। নিহতের গলায় ও মুখমণ্ডলে কালো দাগ রয়েছে।
“ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।”
তবে পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মামা আব্দুল বাসের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮ মাস আগে ওই এলাকার অলি বাবুর্চীর মেয়ে বিউটির সঙ্গে পারভেজের বিয়ে হয়। বিয়ের পর ওই এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতো সে।
“বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রী প্রায়ই ঝগড়া হত।এর জেরেই শনিবার সকালে বিউটি ও তার বাড়ির লোকজন পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করে।”
পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে চিকিৎসার নামে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিয়ে লাশ রেখে পালিয়ে যায় বলে অভিযোগ করেন আব্দুল বাসের।
এ ঘটনায় শনিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জিন্নৎ।
