কারখানা ভাঙার সময় গাজীপুরে একজনের মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ি পল্লীবিদ্যুৎ এলাকায় পুরনো কারখানা ভাঙার সময় ছাদের নিচে চাপা পড়ে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
শনিবার বিকালের এ ঘটনায় মো. হান্নান (২৮) মারা যান বলে কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন জানান।
হান্নান শরীয়তপুরের গোসাইরহাট থানার হাওলাদারকান্দি মুন্সিবাড়ির ইদ্রিস আলীর ছেলে। তিনি কোনাবাড়ির সাইফুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে লেপ-তোশকের দোকানে কাজ করতেন।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ওই এলাকার কাদের সিনথেটিক কারখানার পুরনো চারতলা ভবন ভাঙার কাজ চলছিল।
“বিকাল চারটার দিকে ক্রেন দিয়ে ছাদ সরানোর সময় কিছু অংশ কারখানার পাশে একটি টিনশেড ঘরের উপর ধসে পড়লে ভাড়াটিয়া হান্নানসহ ছয়জন আহত হন।”
আহতদের হাসপাতালে নেওয়ার পথে হান্নান মারা যান বলে এসআই জানান।
অন্য আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
