ইবি উপ-উপাচার্যের অপসারণ দাবি
অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য মো. শাহিনুর রহমানের অপসারণ দাবি করেছে শিক্ষকদের দুটি সংগঠন।
এ দাবিতে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম।
সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি জাকারিয়া রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে তিনি বলেন, ১৯৯১ সালে ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর থেকে শাহিনুর রহমান প্রশাসনের প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নানা সুবিধা গ্রহণ করেছেন।
সর্বশেষ ২০১৩ সালে প্রো-ভিসি হিসেবে যোগ দিয়ে শীর্ষপদে থাকার সুবাদে আর্থিক অনিয়ম-দুর্নীতিরও অভিযোগ করা হয় সংবাদ সম্মেরনে।
সংবাদ সম্মেলনে উপ-উপাচার্যের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনসহ ১১টি অভিযোগের তালিকা সাংবাদিকদের দেওয়া হয়।
এ সময় সেখানে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শাপলা ফোরামের সভাপতি মাহবুবুল আরফিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ উভয় সংগঠনের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
তবে উপ-উপাচার্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমার সম্মানহানির চেষ্টা করছে।”
এ বিষয়ে তিনি আইনি প্রতিকার চেয়ে মামলা করবেন বলে জানান।
