২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভালোবেসে’ মৃত প্রার্থীকে ভোট

দুর্বৃত্তের হাতে নিহত এক সদস্য প্রার্থীকে ভোট দিয়ে ‘তার আত্মার মঙ্গল কামনা’ করলেন এলাকাবাসী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 08:48 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

গাজীপুর শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের এই নিহত সদস্য প্রার্থী মো. আক্তার হোসেন পেয়েছেন ১৯১ ভোট।

সম্প্রতি তিনি দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।

৯ নম্বর ওয়ার্ডের মারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আসাদুজ্জামান জানান, ৯ নম্বর ওয়ার্ডের নিহত সদস্য প্রার্থী মো. আক্তার হোসেন মোরগ মার্কায় ১৯১ ভোট পেয়েছেন।

নিহত আক্তারের ওই কেন্দ্রে তিনিসহ চারজন সদস্য পদে প্রার্থী হন। মনোনয়ন প্রত্যাহরের পর তিনি নিহত হওয়ায় ব্যালটে তার নাম ও প্রতীক থেকে যায়।

নির্বাচনে ওই ওয়ার্ডে সদস্য পদে ৭৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোমেন আকন (ফুটবল)। অন্য প্রতিদ্বন্দ্বীরা হলেন মো. নাসির উদ্দিন আকন্দ (টিউবওয়েল) ও মুজিবুর রহমান খন্দকার (তালা) । এ কেন্দ্রে ২ হাজার ৪৪২ ভোটের মধ্যে এক হাজার ৫৫২ ভোট পড়েছে।

নিহত আক্তার হোসেনের স্ত্রী শাহনাজ আক্তার জানান, গত মঙ্গলবার রাতে ওই ইউনিয়নের সদস্য প্রার্থী তার স্বামী নির্বাচনী প্রচারণা শেষে একটি জানাজার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা তাকে ধানক্ষেতে কুপিয়ে হত্যা করে।

“তারপরও তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে এলাকাবাসী ভোট দিয়েছেন।”

নির্বাচনী এজেন্ট না থাকলেও শাহনাজ আক্তার গলায় স্বামীর নির্বাচনী প্রতীক ঝুলিয়ে কেন্দ্রের সামনে লোকজন নিয়ে দিনভর বসে ছিলেন।