বেনাপোলে নারীসহ আটক ৩৪
অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে নারীসহ ৩৪ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার বেনাপোলের গাতিপাড়ার কামারবাড়ী বিজিবি পোস্ট এলাকার ইছামতি নদীর তীর মাঠ থেকে তাদের আটক করা হয় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানির নায়েক সুবেদার রফিকুল ইসলাম।
আটকদের মধ্যে ২৪ জন পুরুষ, নয় জন নারী ও একটি শিশু রয়েছে। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, নড়াইল,খুলনা ও ঢাকার বিভিন্ন এলাকায়।
দুপুরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
রফিকুল বলেন, অবৈধ পথে একদল নারী ও পুরুষ এপারে এসেছে এমন খবরে বিজিবির টহল দল অভিযান চালিয়ে গাতিপাড়ার কামারবাড়ি এলাকা থেকে তাদের আটক করে।
“ভালো কাজের প্রলোভনে ভারতে গিয়ে বাসা-বাড়ি ও কল কারখানায় বিভিন্ন ধরনের কাজ করত। সেখান থেকে দালালের মাধ্যমে অবৈধ পথে ফিরছিল।”
আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে বিজিবি একটি মামলা করেছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।
