চাঁদপুরে কনস্টেবল গুলিবিদ্ধ, ৪ কেন্দ্র স্থগিত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সদস্য প্রার্থীর সমর্থকদের গুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে।
শনিবার উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লোহাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান।
আহত হাসান তারেককে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় দুই জনকে আটক এবং সংঘর্ষে পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
এসপি বলেন, কেন্দ্র দখলের উদ্দেশে স্থানীয় এক মেম্বার প্রার্থীর লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে কেন্দ্রের দিকে আসতে থাকে। এ সময় বাঁধা দিতে গিয়ে হাসান তারেক পায়ে গুলিবিদ্ধ হন।
এছাড়া বিশৃঙ্খলার কারণে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক নওয়াব আলী উচ্চ বিদ্যালয় ও আষ্টা মহামায়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, চরদুখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব এখলাছপুর সরকারি প্রাথমিক কেন্দ্রসহ মোট চার কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, স্থগিত কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও দুই আনসার সদস্যহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও জানান তিনি।
তৃতীয় ধাপে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ও হাজীগঞ্জ উপজেলার ১১টিসহ মোট ২৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
