২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে চাঁদপুরে ৩ কেন্দ্রে ভোট স্থগিত

সংঘর্ষের পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 12:37 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় দফা ভোটগ্রহণের দিন শনিবার জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান।

কেন্দ্রগুলো হচ্ছে গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক নওয়াব আলী উচ্চ বিদ্যালয় ও মাষটা মহামায়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং চর দুখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব এখলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

কেন্দ্রগুলোতে সংঘর্ষে প্রিজাইডিং, পোলিং অফিসার ও আনসার সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

নির্বাচন কর্মকর্তা বলেন,  বেলা ১১টার দিকে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থদের সংঘর্ষের পর ভোটগ্রহণ নওয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়েছে।

এই কেন্দ্রে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

মহামায়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুল আমিন বলেন, বেলা সোয়া ১১টার দিকে পুলিশের সঙ্গে নৌকার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের পর ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

সংঘর্ষে তিনি, একজন পোলিং অফিসার ও দুই আনসারসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানান নুরুল আমিন।

পূর্ব এখলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের পর বেলা ১২ টা থেকে ভোটগ্রহণ স্থগিত রয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকতা।

সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।