২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ‘ভারতীয়’ মেছোবাঘ হত্যা

যশোরের বেনাপোল সীমান্তের ঘিবা গ্রামবাসী একটি ‘ভারতীয়’ মেছোবাঘ পিটিয়ে মেরে ফেলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 12:35 AM

Updated : 20 Aug 2022, 12:31 PM

শুক্রবার বিকালে ‘ভারত থেকে আসা’ বাঘটি ছাগল ধরে নিয়ে পালানোর সময় আতঙ্কিত গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলে বলে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সদস্য খাদিজা খাতুন জানান।

স্থানীয় জামে মসজিদের সভাপতি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কিছু দিন ধরে একটি বাঘ হঠাৎ করে গ্রামে ঢুকে ছাগল ও হাঁস-মুরগি ধরে নিয়ে যাচ্ছিল।

“এ কারণে গ্রামবাসী আতঙ্কে ছিল। শুক্রবার বাঘটি গ্রামে ঢুকে একটি ছাগল ধরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাঁকডাকে গ্রামবাসী জড়ো হয়ে পিটিয়ে মেরে ফেলে।”

ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গ্রাম ঘিবার গৃহবধূ ইসমাত-আরা বলেন, “ওপারের জঙ্গলে থাকা বাঘটি প্রায়ই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকত। এতে আমরা ছোট শিশুদের নিয়ে আতঙ্কে ছিলাম।”

মৃত মেছোবাঘটি উদ্ধার করে বনবিভাগের কর্মকর্তাদের জিম্মায় দেওয়া হবে বলে শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ জানিয়েছেন।