২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় হনুমান পূজা অনুষ্ঠিত

নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরা শহরের সাহাপাড়ায় হনুমান পূজা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 08:15 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

শুক্রবার নতুন বাজার স্মৃতি সংঘের উদ্যোগে স্থানীয় হিন্দুরা এ আয়োজন করে।

দুপুরে ভক্তদের উপস্থিতিতে ব্রাহ্মণের মন্ত্রপাঠের মধ্য দিয়ে মূল পূজা-অর্চনা ও প্রসাদ বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। পরে নান্দুয়ালী গৌরগোপাল সেবাশ্রমের সেবায়েত চিন্ময়ানন্দ দাস মহারাজ রামায়ণের উদ্ধৃতি দিয়ে রামচন্দ্রের ভক্ত পবনপুত্র হনুমানের নানা ইতিবাচক দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

মাগুরায় আগে কখনও না হলেও হঠাৎ এ পূজার আয়োজন সম্পর্কে আয়োজক কমিটির সদস্য শান্ত শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভগবান রামচন্দ্রের ভক্ত হনুমান একজন প্রবল পরাক্রমশালী বীর। তিনি শুভশক্তি ও শান্তির প্রতীক।

“যেকোনো কাজে বের হওয়ার আগে হনুমান দর্শন বা তাকে স্মরণ করলে সে কাজে সাফল্যে অনিবার্য। শুধু তাই নয়, সংকটকালে হনুমান স্মরণে শনির দৃষ্টি নষ্ট হয়।”

এ কারণে নতুন বাজার স্মৃতি সংঘের উদ্যোগে এলাকাবাসী এ পূজার আয়োজন করে বলে তিনি জানান।

সন্ধ্যায় রামায়ণে বর্ণিত হনুমান চরিত্র ও তার পাতাল বিজয় কাহিনি নিয়ে বড় পর্দায় চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে হনুমান পূজার পার্বণ সমাপ্ত হয়।